Ridge Bangla

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যায় কালা বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম কালা বাচ্চু, তিনি কালু নামেও পরিচিত।

পুলিশ জানায়, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাকে আটক করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার কালা বাচ্চু র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের মামলায় ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি। এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় পলাতক ও অন্যান্য অভিযুক্তদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের সশস্ত্র হামলার মুখে পড়ে প্রাণ হারান র‍্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া। হামলাকারীরা এ সময় তিন র‍্যাব সদস্য ও এক স্থানীয় ব্যক্তিকে জিম্মি করে দুর্গম আলীনগর এলাকায় নিয়ে মারধর করে। এ সময় র‍্যাবের চারটি পিস্তল ছিনিয়ে নেওয়া হয়।

এই ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় জঙ্গল সলিমপুর আলীনগর এলাকার ইয়াসিন বাহিনীর প্রধান মোহাম্মদ ইয়াসিন ও তাঁর সহযোগী নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছেন র‍্যাবের এক উপসহকারী পরিচালক।

This post was viewed: 31

আরো পড়ুন