Ridge Bangla

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীতে পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের দিকে অগ্রসর হন ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই দিনে তাদের অন্তত সাতজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। শিক্ষার্থীরা দাবি করেন, আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদেই তারা আজ রাস্তায় নেমে আসে।

সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। পাল্টা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরাও ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট থেকে মিরপুর রোড পর্যন্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুলিশ সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে কঠোর অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংঘর্ষের পর পুলিশ ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। সে সময় উভয় কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করলেও এক মাস না পেরোতেই আবারও সহিংসতার ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন