Ridge Bangla

অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু

নির্বাচনকে কেন্দ্র করে সাময়িকভাবে স্থগিত থাকা অন-অ্যারাইভাল ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে অন্তর্বর্তী সরকার। আগের নিয়ম অনুসারেই এখন বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে বিমানবন্দর থেকে অন-অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন।

সোমবার (১৯ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে পাঠানো হয়েছে। ফলে বাংলাদেশে ভ্রমণে ইচ্ছুক বিদেশিরা আবারও সরাসরি বিমানবন্দরে ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

যদিও বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি দেয়নি, তবে বিদেশে অবস্থিত একাধিক বাংলাদেশ দূতাবাস সূত্রে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে নির্বাচনের প্রেক্ষাপটে গত ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় বিদেশি নাগরিকদের সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা সংগ্রহের অনুরোধ জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অন-অ্যারাইভাল ভিসা প্রদানকালে আগত যাত্রীদের প্রয়োজনীয় নথিপত্র, ভ্রমণের উদ্দেশ্য ও অবস্থানের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করার নির্দেশনা ইমিগ্রেশন বিভাগকে দেওয়া হয়েছে। কোনো অসঙ্গতি বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট যাত্রীকে ফেরত পাঠানোর ক্ষমতাও থাকবে ইমিগ্রেশন কর্তৃপক্ষের।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ ইউরোপীয় দেশগুলোর নাগরিকরা পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ ও চাকরির উদ্দেশ্যে বাংলাদেশে এসে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।

This post was viewed: 11

আরো পড়ুন