Ridge Bangla

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ফরমাল চার্জ দাখিল

জুলাই-আগস্টের গণআন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কার্যালয়ে প্রসিকিউশন পক্ষ এ অভিযোগপত্র জমা দেয়। প্রসিকিউশন সূত্র জানায়, ফরমাল চার্জ দাখিলের পর আজই এ বিষয়ে ট্রাইব্যুনালে প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে জানান, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণআন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় যে সহিংসতা, হত্যা, নির্যাতন ও দমনমূলক কার্যক্রম চালানো হয়েছিল, তা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। দীর্ঘ তদন্ত ও তথ্য-প্রমাণ সংগ্রহ শেষে সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তিরা তৎকালীন সময়ে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রভাবশালী অবস্থানে ছিলেন এবং তাদের নির্দেশনা ও মদদে সাধারণ জনগণের ওপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযুক্তদের মধ্যে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অন্যতম। একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও আসামি করা হয়েছে।

প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, মামলার বিচার প্রক্রিয়ায় পর্যায়ক্রমে সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনগত কার্যক্রম পরিচালিত হবে।

This post was viewed: 8

আরো পড়ুন