Ridge Bangla

ভোটের আগে ও পরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে ও পরে মোট ১২ দিন যৌথ বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভায় নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, বাহিনীগুলোর সমন্বয় এবং প্রযুক্তিনির্ভর নজরদারির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় স্বরাষ্ট্র সচিব বলেন, আগামী পাঁচ দিনের মধ্যেই মাঠপর্যায়ে বডি ক্যামেরা সরবরাহ সম্পন্ন হবে। প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করবেন, যাতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়। তিনি জানান, বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সংযুক্ত হওয়া যাবে এবং সব ধরনের ঘটনা সরাসরি রেকর্ড করা সম্ভব হবে।

নাসিমুল গনি আরও বলেন, বুধবার থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক মনিটরিং টিম মাঠপর্যায়ের নির্বাচন-সংক্রান্ত সব তথ্য ২৪ ঘণ্টা নজরদারি ও রেকর্ড করবে। এতে কোনো অনিয়ম বা সহিংসতার ঘটনা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সহজ হবে।

This post was viewed: 13

আরো পড়ুন