আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষে বিজয়ের মধ্য দিয়েই জনগণের ভোটাধিকার ও বাক্স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, গত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। যারা ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারাই গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে তিনি দাবি করেন। ইলিয়াস আলীর মতো অসংখ্য মানুষ এ সময়ে নিখোঁজ ও নিহত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে। তবে অতীতের মতো জনগণ ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতেও সব ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের গণতন্ত্রকামী জনগণই একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে। লাখ লাখ মানুষের এই আন্দোলনের পেছনে অনেক ত্যাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’ কর্মসূচির অর্ধেক ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন গণতন্ত্র প্রতিষ্ঠার পালা।
নারীদের স্বাবলম্বী করার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার নারীদের বিনামূল্যে শিক্ষা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি খাল-খনন, কৃষি উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সিলেট ও সুনামগঞ্জের ১১ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।