বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া আদালতে রোববার (১৮ জানুয়ারি) মামলাটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে ব্যঙ্গাত্মক ও অবমাননাকর শব্দ ব্যবহার করেন। পাশাপাশি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাসের প্রসঙ্গ টেনে বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলেও অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় অবস্থানকালে বাদী সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লিখিত ভিডিওগুলো দেখতে পান। এসব বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে বলে দাবি করা হয়। এ কারণে দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, আদালত প্রাথমিকভাবে মামলাটি আমলে নিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। তিনি বলেন, আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হবে এবং ন্যায়বিচার পাওয়া যাবে বলে তারা আশাবাদী।