পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সকালে ওই এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। আকাশ রাজধানীর পুরান ঢাকার ভাটিখানা এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন।
একই মেসে থাকা সহপাঠী ইশতিয়াক জানান, সকালে আকাশের বান্ধবী তাঁকে ফোন করে রুমের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ার বিষয়টি জানান। পরে তিনি দ্রুত মেসে গিয়ে আকাশের কক্ষের দরজা ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে গেলে ভেতরে ঢুকে আকাশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গেন্ডারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে তারা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।