বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, বিগত ১৬ বছরে দেশের উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট করা হয়েছে এবং তা বিদেশে পাচার হয়েছে। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় এ কথা বলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে মঞ্চে ওঠেন তারেক রহমান। এর আগে সকাল পৌনে ১১টার দিকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ এবং আশপাশের রাস্তায় নেতাকর্মীরা অবস্থান নেন। ভোর থেকে সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছতে থাকেন।
সমাবেশের শুরু থেকেই পুরো মাদ্রাসা মাঠ নেতাকর্মী ও সমর্থকের ঢলে পূর্ণ হয়ে ওঠে। মাঠ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন, দলীয় স্লোগান এবং ‘ধানের শীষ’ ও তারেক রহমানের ছবিতে মুখর হয়ে ওঠে। নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশকে প্রাণবন্ত করে তোলেন।
প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সভাস্থল ও আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছেন।