Ridge Bangla

খালি থাকা ৩২ আসনে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালি থাকা ৩২টি আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বিশ্লেষণের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাকি ৩২ আসনের ক্ষেত্রে দলটি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে জনতার প্রতি দায়বদ্ধ, সৎ ও দক্ষ প্রার্থীকে সমর্থন দেবে।

গাজী আতাউর রহমান আরও জানান, ২০ জানুয়ারির পর নির্বাচনী প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে যেসব আসনে হাতপাখার প্রার্থী থাকবে না, সেসব ৩২ আসনের সমর্থন ঘোষণার বিষয়টি চূড়ান্ত করা হবে। আপাতত বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে রোববার দুপুরে জামায়াত জানিয়েছে, খালি থাকা ৪৭টি আসনে তাদের ১০ দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

This post was viewed: 12

আরো পড়ুন