Ridge Bangla

বৃহস্পতিবার থেকে নির্বাচনি প্রচার শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশব্যাপী আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হচ্ছে। এর আগে বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পরদিন থেকেই প্রার্থীরা ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পাবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহার প্রক্রিয়া শেষে বুধবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হবে। এরপর থেকেই শুরু হবে নির্বাচনের মূল রাজনৈতিক তৎপরতা। নির্বাচন কমিশন সূত্র জানায়, এখন পর্যন্ত সারাদেশে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আপিল শুনানিতে আরও চার শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার শেষে ভোটের মাঠে কারা থাকছেন, তার পূর্ণ চিত্র বৃহস্পতিবার স্পষ্ট হবে।

ইসি পরিপত্র অনুযায়ী, প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা বাংলা বর্ণানুক্রমে প্রকাশ করা হবে। একই সঙ্গে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একাধিক প্রার্থী একই প্রতীক দাবি করলে লটারির মাধ্যমে প্রতীক চূড়ান্ত করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচন ও গণভোট ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে সম্পন্ন হবে বলে জানিয়েছে ইসি।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

This post was viewed: 19

আরো পড়ুন