Ridge Bangla

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি: ৭১ কোটি ৯৮ লাখ টাকার বিশেষ বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে বর্তমানে ৬ হাজার ৫৫২টিতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। বাকি কেন্দ্রগুলোর মধ্যে ২১ হাজার ৯৪৬টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নতুন করে সিসিটিভি স্থাপনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে এই বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দের আওতায় প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে কমপক্ষে ছয়টি করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানান উপ-প্রেস সচিব। ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে থাকা কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ক্যামেরা স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে দেশের সব জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে এবং অনেক এলাকায় তা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরও জানান, কয়েকটি জেলায় প্রায় শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন সম্পন্ন হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলা উল্লেখযোগ্য। জেলায় মোট ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব কেন্দ্রের অধিকাংশেই ইতোমধ্যে ক্যামেরা বসানো হয়েছে। অবশিষ্ট কেন্দ্রগুলোতেও আগামী ৩১ জানুয়ারির মধ্যে কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া সারা দেশে বিদ্যুৎ সংযোগবিহীন ২৯৯টি ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সৌর বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে জেনারেটরের মাধ্যমে ভোটের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 19

আরো পড়ুন