Ridge Bangla

নির্বাচনে ৮ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে এক লাখ সেনাসদস্যসহ মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর এক লাখ, নৌবাহিনীর পাঁচ হাজার, বিমানবাহিনীর তিন হাজার ৭৩০, পুলিশের এক লাখ ৪৯ হাজার ৪৪৩, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচ লাখ ৭৬ হাজার ৩১৪, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, কোস্ট গার্ডের তিন হাজার ৫৮৫, র‍্যাবের সাত হাজার ৭০০ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩ হাজার ৩৯০ সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দুই ধাপে বাহিনী মোতায়েন করা হবে। প্রথম ধাপে বর্তমানে মাঠে থাকা সদস্যরা দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় ধাপে ভোটকেন্দ্রিক মোতায়েন কার্যক্রম ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন চলবে। এ ছাড়া পুলিশ, আনসার, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও র্যাবের সমন্বয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হবে, যেখানে প্রতিটি বাহিনীর প্রতিনিধি থাকবে।

This post was viewed: 14

আরো পড়ুন