Ridge Bangla

‘আপা, হর্ন তো বন্ধ হলো না’: পরিবেশ উপদেষ্টাকে উদ্দেশ্য করে জনসাধারণের মন্তব্য

“আপা হর্ন তো বন্ধ হলো না”, এমন মন্তব্য প্রায়ই শুনতে হয় বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরে ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৫’–এ অংশ নিয়ে বক্তব্যকালে তিনি এই অভিজ্ঞতা তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, “সবাই আমাকে দেখলেই বলে—আপা হর্ন তো বন্ধ হলো না। আপনি তো ৫৩ বছর ধরে হর্ন বাজাচ্ছেন, আপনার ড্রাইভারও বাজাবেই। কিন্তু আমাকে দেখলেই শুধু বলবেন—হর্ন বন্ধ হলো না?”

তিনি পরিষ্কারভাবে বলেন, “হর্ন বন্ধ করানো আমার একার দায়িত্ব নয়, এটি একটি সামষ্টিক আচরণগত পরিবর্তনের বিষয়। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতাও জরুরি।”

তিনি আরও জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে ২০০৬ সালে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা’ প্রণয়ন করা হয়, যেখানে সময় ও এলাকার ভিত্তিতে সর্বোচ্চ শব্দমাত্রা নির্ধারণ করা হয়েছে।

  • নীরব এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবল,

  • আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবল,

  • বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবল,

  • শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবল।

প্রকৃতপক্ষে, একেকটি যানবাহনের হর্ন ৪০ ডেসিবলের নিচে থাকার কথা, কিন্তু পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অধিকাংশ হর্নই তা অতিক্রম করছে।

উপদেষ্টা জানান, গত বছরের ১ অক্টোবর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকা ও তার আশপাশের এক কিলোমিটার ব্যাসার্ধের অঞ্চলকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। জানুয়ারি থেকে আরও ১০টি সড়ককে নীরব এলাকা হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হচ্ছে।

This post was viewed: 38

আরো পড়ুন