আসন্ন জাতীয় নির্বাচন, তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল- এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎটি ছিল আন্তরিক ও গঠনমূলক, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রসঙ্গে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি চলমান প্রযুক্তিগত সমীক্ষা দ্রুত সম্পন্ন করতে চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এছাড়া স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নিয়েও আলোচনা হয় বৈঠকে।
বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় চীন সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে আয়োজনের জন্য শুভকামনা জানান।