Ridge Bangla

এইডসে মায়ের মৃত্যু, একাই মরদেহ পাহারা দিলো নাবালক ছেলে

ভারতের উত্তরপ্রদেশের একটি জেলায় এইচআইভি ও যক্ষ্মায় আক্রান্ত হয়ে এক নারী মারা যাওয়ার পর প্রতিবেশী ও আত্মীয়রা মুখ ফিরিয়ে নেন। কেউ পাশে না থাকলেও ১০ বছর বয়সী নাবালক ছেলে সারারাত একাই মৃত মায়ের মরদেহ পাহারা দেয়। মানবিকতা ও সামাজিক বৈষম্যের করুণ চিত্র তুলে ধরে এই ঘটনাটি।

জানা যায়, যক্ষ্মা ও এইচআইভিতে আক্রান্ত ৫২ বছর বয়সী এক নারী চিকিৎসাধীন অবস্থায় জেলা হাসপাতালে মারা যান। আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের কোনো সহায়তা না পেয়ে তার নাবালক ছেলে একাই মায়ের মরদেহ নিয়ে ময়নাতদন্ত কেন্দ্রে যায় এবং ঘণ্টার পর ঘণ্টা পাশে বসে থাকে। এ দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে পুলিশ খবর পেয়ে এসে ময়নাতদন্ত ও শেষকৃত্যের ব্যবস্থা করে।

তার স্বামী গত বছর এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর এইচআইভি ধরা পড়ার পর পরিবারটি সামাজিক বয়কটের শিকার হয়। বাবার মৃত্যুর পর মা অসুস্থ হয়ে পড়ায় তাঁদের ১০ বছর বয়সী ছেলে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহের সঙ্গে একা এক বালকের বসে থাকার খবর পেয়ে সঙ্গে সঙ্গে একজন সাব-ইন্সপেক্টর এবং একজন কনস্টেবলকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশই ওই নারীর সৎকারের ব্যবস্থা করেছে।

This post was viewed: 8

আরো পড়ুন