Ridge Bangla

ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতা রাজাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত ইউনাইটেড গ্রুপ ও নেপচুন হাউজিং লিমিটেডের সংশ্লিষ্ট চার শীর্ষ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা (রাজা মিয়া), ইউনাইটেড গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও এমডি মঈন উদ্দিন হাসান রশিদ, নেপচুন হাউজিংয়ের সাবেক এমডি আবুল কালাম আজাদ এবং জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ।

দুদকের আবেদনের ভিত্তিতে ১৮ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ একটি আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

আবেদনে বলা হয়েছে, হাসান মাহমুদ রাজা ওরফে রাজা মিয়াসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। একই সঙ্গে হাসান মাহমুদ রাজাসহ আরও ১২ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জাল দলিলের মাধ্যমে সরকারি অর্পিত সম্পত্তি দখল, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনিয়মের মাধ্যমে আইপিপি রেটে গ্যাস সরবরাহসংক্রান্ত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধান টিমের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে হাসান মাহমুদ রাজাসহ তিনজন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের বিদেশ গমন রোধে ব্যবস্থা নেওয়া জরুরি।

দুর্নীতি দমন কমিশন কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩২ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে মামলা করেছে। এছাড়া তার নামে পরিচালিত ১৪টি ব্যাংক হিসাবে ৭৪ কোটি ৭৮ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত চলাকালে তিনি অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

আসামি বিদেশে পালিয়ে গেলে তদন্ত বিলম্বিত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে কাজী ইনাম আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।

This post was viewed: 18

আরো পড়ুন