বাংলাদেশ নারী দল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে শুভসূচনা করেছে। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে যুক্তরাষ্ট্র আগে বোলিং নেয়। বাংলাদেশ ৫ উইকেটে ১৫৯ রান তোলে। জবাবে যুক্তরাষ্ট্র ১৩৭ রানে থেমে যায়।
যুক্তরাষ্ট্র মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৪২ রান করে ভালো শুরু পেলেও পরবর্তীতে নিয়মিত উইকেট হারাতে থাকে। দলের পক্ষে ওপেনার রেড্ডি পাগিডিয়ালা সর্বোচ্চ ৩৬ রান ও প্রিয়া সিং ৩৩ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৪টি এবং রিতু মনি ৩টি উইকেট নিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাংলাদেশের বোলিংয়ের দাপটে যুক্তরাষ্ট্র লড়াইয়ের সুযোগই পায়নি। রাবেয়া খান দুটি উইকেট নেন।
ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। দিলারা আক্তার ও জুয়াইরা ফেরদৌস দুজনই ১৭ রান করে আউট হন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বেশিক্ষণ টিকতে পারেননি, তিনি করেন মাত্র ২ রান।
সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটিংয়ে বাংলাদেশ এগিয়ে যায়। সোবহানা ৩২ রান করে আউট হন, তাদের জুটি ভাঙে ৬৩ রানে। এরপর স্বর্ণা আক্তার যোগ দিয়ে সুপ্তার সঙ্গে রান বাড়ান।
সুপ্তা ৩৯ বলে ৬৩ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল ১টি ছক্কা ও ৮টি চার। শেষদিকে স্বর্ণা আক্তার ও রাবেয়া খানের ব্যাটে বাংলাদেশ দেড়শ রানের গণ্ডি পাড় করে। স্বর্ণা ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন এবং রাবেয়া করেন ৬ রান।
যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাধাভান সর্বোচ্চ ৩টি উইকেট নেন, আর ইসানি ভাগেলা নেন ২টি উইকেট।