অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের একটি ইয়ানশুফ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় একটি খোলা স্থানে জরুরি অবতরণ করে। পরে সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় প্রযুক্তিগত জটিলতা দেখা দেয় এবং একপর্যায়ে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে থাকা সব সেনা সদস্য নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
ঘটনার পরপরই বিষয়টি তদন্তে ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান টোমার বার একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে আইডিএফ।
এদিকে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি সামরিক অভিযান ও নিরাপত্তা তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে অঞ্চলটিতে উত্তেজনা ও সহিংসতা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে এক হাজার ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ এবং গ্রেপ্তার করা হয়েছে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে।