Skip to main content

Ridge Bangla

ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উত্তপ্ত বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে হুমকির সুরে কথা বলেন এবং একপর্যায়ে আঙুল উঁচিয়ে বলেন, তিনি অনুমতি না দিলে ম্যাজিস্ট্রেট সেখান থেকে বের হতে পারবেন না। এ সময় তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের নির্দেশ মানবেন না বলেও মন্তব্য করেন।

ভিডিওতে আরও দেখা যায়, বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় সভা হচ্ছে এবং প্রশাসন চাইলে তা বন্ধ করে দেখাতে পারে। তার এসব বক্তব্যে সভাস্থলে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি বেগতিক দেখে উপস্থিত সমর্থকরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি ভঙ্গের দায়ে রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

This post was viewed: 42

আরো পড়ুন