গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। পোস্টে তিনি বলেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি দেওয়া হবে, ততক্ষণ ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ ধাপে ধাপে বাড়ানো হবে।
ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানো হবে। আগামী ১ জুন থেকে এ শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে এবং গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
সম্প্রতি গ্রিনল্যান্ড দখল নিয়ে বলপ্রয়োগের ইঙ্গিত দেন ট্রাম্প। এরই মধ্যে ইউরোপের কয়েকটি দেশ সেখানে সীমিত সংখ্যক সৈন্য মোতায়েন করেছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দেন, যা এবার বাস্তবায়ন হলো।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো ‘অজানা উদ্দেশ্যে’ গ্রিনল্যান্ডে অবস্থান করছে এবং তারা ‘বিপজ্জনক খেলা’ খেলছে। তিনি আরও বলেন, বিশ্বশান্তি ঝুঁকির মুখে পড়েছে এবং গ্রিনল্যান্ড নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়াই যুক্তরাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্ত।