Ridge Bangla

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে পুনর্গঠন

বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুনভাবে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের বোর্ড গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন বোর্ডে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য সচিবের দায়িত্বে থাকবেন।

পুনর্গঠিত বোর্ডে সদস্য হিসেবে রাখা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা), প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা) এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠন ও পেশাজীবীদের প্রতিনিধিরা। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রতিনিধি বা একজন খ্যাতিমান পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন প্রতিনিধি অথবা একজন স্বনামধন্য অভিনেতা বা অভিনেত্রী এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি।

বোর্ডের অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-এর ক্ষমতাবলে সরকার নতুন এই বোর্ড গঠন করেছে। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গঠিত পূর্ববর্তী বোর্ডটি বাতিল করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন