Ridge Bangla

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২ জন, আহত ১০

সিলেটের ওসমানীনগরে ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে ওসমানীনগর উপজেলার মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাইওয়ে পুলিশ সুপার (সিলেট রিজিয়ন) মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাসগুলো জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

This post was viewed: 14

আরো পড়ুন