Skip to main content

Ridge Bangla

তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পাম্প কর্মচারীকে গাড়িচাপায় হত্যা

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় একটি পাজেরো জিপের নিচে চাপা পড়ে পেট্রল পাম্পের এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর বড় মুরারীপুর এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পাম্প কর্মচারীর নাম রিপন সাহা (২৮)। তিনি খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি কালো রঙের পাজেরো জিপ ফিলিং স্টেশনে এসে প্রায় পাঁচ হাজার টাকার অকটেন নেয়। তেল নেওয়ার পর গাড়ির আরোহীরা টাকা পরিশোধ না করেই দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় রিপন সাহা গাড়িটির সামনে দাঁড়িয়ে তাদের থামাতে গেলে চালক তাকে সজোরে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পাম্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

নিহতের বাবা পবিত্র সাহা বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, গাড়িটি জব্দ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 49

আরো পড়ুন