গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা এলেও চলতি বছরের শুরুতেই তাহসান নিজেই আলাদা থাকার বিষয়টি নিশ্চিত করেন। বিয়ের কয়েক মাসের মধ্যেই তারা একসঙ্গে থাকা বন্ধ করেন এবং কয়েক মাস ধরেই পৃথকভাবে জীবনযাপন করছেন।
শনিবার এক বক্তব্যে তাহসান জানান, গুজব নয়, খবরটি সত্য এবং শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এই ব্যক্তিগত পরিস্থিতি ঘিরে গণমাধ্যম ও ভক্তদের অতিরিক্ত আগ্রহে তিনি মানসিক চাপে রয়েছেন বলেও জানান।
তিনি বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’
উল্লেখ্য, মাত্র চার মাসের পরিচয়ের পর ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। রোজা একজন প্রতিষ্ঠিত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে তাহসানের প্রথম বিয়ে হয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে, যার ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাঁদের এক কন্যাসন্তান রয়েছে।