Ridge Bangla

বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কুয়েত

বাংলাদেশ থেকে হিমায়িত পোল্ট্রির মাংস, মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার। এর ফলে দেশটিতে এসব পণ্য রপ্তানির পথ আবারও উন্মুক্ত হলো।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। দূতাবাস জানায়, কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য এবং ডিম আমদানির ক্ষেত্রে পূর্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা পুনরায় বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির সুযোগ পাবেন, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করতে সক্ষম হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট সব বাংলাদেশি ব্যবসায়ীকে অবহিত করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় নিয়ে কুয়েতের খাদ্য ও পুষ্টি কর্তৃপক্ষ Public Authority for Food and Nutrition (PAFN) ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে পোল্ট্রি মাংস ও ডিম আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে পরবর্তীতে স্বাস্থ্য পরিস্থিতি ও ঝুঁকির সর্বশেষ মূল্যায়নের ভিত্তিতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে বাংলাদেশি হিমায়িত পোল্ট্রি পণ্য আবারও কুয়েতে আমদানির অনুমোদন পেল।

This post was viewed: 11

আরো পড়ুন