রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম।
মামলায় অভিযোগ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও গুরুতর অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে গত বছরের ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক ও সংশ্লিষ্ট দপ্তরের সাবেক ও বর্তমান একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাবেক প্রতিমন্ত্রী। বিচার কার্যক্রম চলাকালে তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।