Ridge Bangla

নির্বাচনে বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা: আইআইএলডির জরিপ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে এক প্রাক-নির্বাচনী জরিপে উঠে এসেছে। জরিপ অনুযায়ী, বিএনপির ভোট ৩৪.৭ শতাংশ, অপরদিকে জামায়াতের ভোট ৩৩.৬ শতাংশ। দুই দলের মধ্যে ভোট ব্যবধান মাত্র ১.১ শতাংশ। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোটারদের আস্থা পেয়েছে ৭.১ শতাংশ।

গত সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ জরিপের ফল প্রকাশ করা হয়। ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি)’ এ জরিপ পরিচালনা করেছে। সহযোগিতায় ছিল ‘প্রজেকশন বিডি’, ‘জাগরণ ফাউন্ডেশন’ ও ‘ন্যারেটিভ’।

জরিপটি ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ৬৪টি জেলার ২৯৫টি সংসদীয় আসনের ২২,১৭৪ জন নিবন্ধিত ভোটারের মধ্যে পরিচালিত হয়।

আইআইএলডির শফিউল আলম শাহীন সংবাদ সম্মেলনে জানান, বিএনপির সমর্থকদের ৭২.১ শতাংশ অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতাকে ভোটের প্রধান কারণ হিসেবে দেখেছেন। জামায়াতের সমর্থকরা মূলত কম দুর্নীতিগ্রস্ত (৪৪.৮ শতাংশ) এবং সততার ভাবমূর্তির কারণে (৪০.৭ শতাংশ) দলকে সমর্থন করছেন।

নতুন রাজনৈতিক শক্তি এনসিপিকে সমর্থন করার পেছনে ৩৬.৭ শতাংশ ভোটার জুলাই গণঅভ্যুত্থানের প্রভাবকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

জরিপে দেখা গেছে, ১৭ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন। তাদের মধ্যে ৩০.১ শতাংশ রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছেন না এবং ৩৮.৬ শতাংশ ভোটার কোনো মতামত দেননি। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে এরা ‘গেমচেঞ্জার’ হতে পারেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক মুশতাক খান, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন একেএম ওয়ারেসুল করিম এবং বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরু।

This post was viewed: 7

আরো পড়ুন