Ridge Bangla

আসন্ন নির্বাচন ও গণভোটেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে এবং রাষ্ট্র পরিচালনার নতুন দিকনির্দেশনা স্পষ্ট হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় এখনো মূলত চাকরিকেন্দ্রিক মানসিকতা প্রাধান্য পাচ্ছে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি প্রশ্ন তোলেন- কেন তরুণরা চাকরি খোঁজার বাইরে নতুন কিছু তৈরির স্বপ্ন দেখছে না? এ সময় তিনি তরুণ প্রজন্মকে স্বপ্নবাজ, সৃজনশীল ও উদ্ভাবনী হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিশ্বব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশসহ সার্কভুক্ত দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকদের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা ও নেটওয়ার্ক জোরদার করাই এর মূল লক্ষ্য।

This post was viewed: 9

আরো পড়ুন