Ridge Bangla

পালিয়ে আসা ৫২ জন রোহিঙ্গা সদস্য কারাগারে

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্যকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় আটক একজন গুরুতর আহত থাকায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে টেকনাফ থানা পুলিশ আটক রোহিঙ্গাদের কক্সবাজার আদালতে হাজির করে। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং জামিন আবেদনও করা হয়নি। শুনানি শেষে টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ৫২ জনের জামিন নামঞ্জুর করে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যসহ মোট ৫৭ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে যাচাই-বাছাই শেষে নাফ নদে মাছ ধরতে যাওয়া দুই বাংলাদেশি নাগরিকসহ চারজন নিরীহ ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫৩ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

This post was viewed: 12

আরো পড়ুন