Ridge Bangla

প্রবাসী কল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ

প্রবাসী বাংলাদেশিদের জন্য শরীয়াহসম্মত অর্থায়নের নতুন সুযোগ তৈরি করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। অচিরেই ব্যাংকটি শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে ড. আসিফ নজরুল বলেন, প্রবাসী ভাইদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ। প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

ড. আসিফ নজরুল আরও জানান, দীর্ঘদিন ধরেই প্রবাসীদের একটি বড় অংশ সুদমুক্ত বা শরীয়াহসম্মত অর্থায়নের দাবি জানিয়ে আসছিলেন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ অনুসরণকারী প্রবাসীরা যাতে ব্যাংকিং সেবার বাইরে না থাকেন, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, এই উদ্যোগ গ্রহণে শায়খ আহমাদুল্লাহর ভূমিকার কথা। তার পরামর্শ ও উৎসাহেই শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালুর বিষয়টি গুরুত্ব পায় বলে জানান তিনি এবং এ জন্য তাকে ধন্যবাদ জানান।

প্রবাসী কল্যাণ ব্যাংকের এই নতুন কার্যক্রম চালু হলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা সুদমুক্ত পদ্ধতিতে ঋণ গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 9

আরো পড়ুন