Ridge Bangla

আগামীর নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের অগ্রযাত্রা: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে এগোবে। তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো গণতান্ত্রিক সরকার যেন পথভ্রষ্ট হতে না পারে, সে লক্ষ্যেই বিএনপি একটি কার্যকর ও জনগণের সংসদ গঠনে অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি এমন একটি সংসদ গঠন করতে চায়, যেখানে কেবল তোষামোদ বা স্তুতিবাক্যের চর্চা থাকবে না। সংসদ হবে জনগণের কণ্ঠস্বর, যেখানে উন্নয়ন, গণতান্ত্রিক অধিকার ও মানুষের প্রকৃত সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, নতুন সংসদে কোনো সন্ত্রাসী বা অগণতান্ত্রিক শক্তির জায়গা হবে না; সেখানে বিরোধিতা থাকবে, বিতর্ক থাকবে এবং জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আগামীর সংসদে এমন আইন প্রণয়ন করা হবে, যার মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী হবে। এই নির্বাচন শুধু একটি ক্ষমতার পরিবর্তন নয়; এটি শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের নির্বাচন।

বিএনপির এই নেতা দাবি করেন, আসন্ন নির্বাচন হবে জাতির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র দৃঢ় ভিত্তি পাবে এবং দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী রক্ষাকবচ হিসেবে কাজ করবে।

This post was viewed: 10

আরো পড়ুন