Skip to main content

Ridge Bangla

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আট বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে সিআইডি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান। তিনি বলেন, সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট গত ১২ জানুয়ারি মাদারীপুর জেলার রাজৈর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গুরুদাস বাড়ৈ (৪৫) ও মো. মোতালেব মাতব্বর (৬৮) নামের দুই মানবপাচারকারীকে গ্রেপ্তার করে। গুরুদাস বাড়ৈকে দক্ষিণ খালিয়া গ্রাম থেকে এবং মোতালেব মাতব্বরকে দামেরচর বাজার এলাকা থেকে আটক করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তাররা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং মূল হোতাদের নির্দেশে অর্থ সংগ্রহ ও ভিকটিম জোগাড়ের কাজ করতেন। পাচারের পুরো প্রক্রিয়ায় তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, চক্রটি ইতালিতে বৈধভাবে পাঠানোর আশ্বাস দিয়ে প্রতিজনের কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা আদায় করে। পরে ভিকটিমদের অবৈধভাবে লিবিয়ায় পাঠানো হয় এবং সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙ্গি নৌকায় তোলা হয়।

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। এতে আট বাংলাদেশির মৃত্যু হয়। নিহতরা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ ও ইমরুল কায়েস আপন।

This post was viewed: 53

আরো পড়ুন