শহীদ শরীফ ওসমান হাদি, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যসহ সংঘটিত সব রাজনৈতিক হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ দেশের মাটিতে প্রতিটি হত্যার ন্যায়বিচার হতেই হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পোস্টে তিনি ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ঢাকায় ফিরে বিমানবন্দরে নামার পর এক তরুণ তার স্ত্রীসহ এগিয়ে এসে তার কাছে বিচার দাবি করেন। ওই তরুণ তাকে বলেন, “স্যার, আপনারা ক্ষমতায় এলে জাস্টিস ফর হাদি।” জবাবে তিনি আশ্বাস দিয়ে বলেন, “ইনশাআল্লাহ।”
মির্জা ফখরুল বলেন, শহীদ হাদি ছিলেন একজন তরুণ, যিনি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আশার সঞ্চার করতে কাজ করছিলেন। অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, আজিজুর রহমান মুসাব্বির ও শাহরিয়ার আলম সাম্যসহ যারা রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এসব হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে প্রকৃত গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।