চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীসহ দুই শতাধিক নেতা-কর্মী বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি নেতারা নবাগতদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ডি এম শাহজাহান। সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের কু-চর্চা তুলে ধরেন।
শাহজালাল মিশন তাঁর বক্তব্যে বলেন, “যারা যোগদান করেছেন, তারা দলের শক্তি হিসেবে কাজ করবেন। আপনারা আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছেন। এখন বিএনপির আদর্শ ও নীতি নিয়ে আমাদের সঙ্গে এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে যাওয়া আদর্শ ও চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি আপনাদের অনুপ্রাণিত করেছে। আমাদের দল কখনো হালুয়া-রুটি ভাগাভাগির দল নয়।”
নব যোগদানকারীদের মধ্যে বক্তব্য রাখেন রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ কুড়ালী এবং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহমেদ বেপারী। এ সময় উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী, সাধারণ সম্পাদক আবুল হাশেম, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতারা।
অনুষ্ঠান শেষে নবাগত নেতা-কর্মীরা দলের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করার জন্য প্রস্তুতি নেন।