Ridge Bangla

ঢাকাসহ ৩০টি আসনে নির্বাচন করবে এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি সংসদীয় আসনে প্রার্থী দিচ্ছে। জোটের পক্ষ থেকে মোট ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষণা অনুযায়ী, এনসিপি যেসব আসনে নির্বাচন করবে তার মধ্যে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি আসন রয়েছে। ঢাকায় এনসিপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর), ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা), ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা), ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত), ঢাকা-১৯ (সাভার) এবং ঢাকা-২০ (ধামরাই) আসনে।

ঢাকার বাইরে এনসিপির ঘোষিত আসনগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১, মুন্সিগঞ্জ-২, গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-৪, নোয়াখালী-২ ও ৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান পার্বত্য জেলা এবং নারায়ণগঞ্জ-৪।

This post was viewed: 21

আরো পড়ুন