Ridge Bangla

আজ পবিত্র শবে-ই মেরাজ

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে-ই মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহ তাঁর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিশেষ সম্মান ও মর্যাদা দান করেন। এ রাতে তিনি পবিত্র মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ‘ইসরা’ এবং সেখান থেকে সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ‘মিরাজ’ সফর সম্পন্ন করেন। এই অলৌকিক সফরের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন এবং উম্মতে মুহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার বিধান নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন।

পবিত্র কোরআনে এই ঘটনাকে ‘ইসরা’ ও ‘মিরাজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। মুসলিম উম্মাহর কাছে এ রাতটি অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় হিসেবে বিবেচিত। আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য শবে মেরাজ বিশেষ গুরুত্ব বহন করে।

পবিত্র শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও খানকায় ওয়াজ মাহফিল, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতটি পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার ও দোয়ার মাধ্যমে পালন করবেন।

This post was viewed: 22

আরো পড়ুন