Ridge Bangla

ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্বভ্রমণের অংশ হিসেবে একদিনের সফরে ঢাকায় পৌঁছেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনায় মোড়ানো ঐতিহাসিক ট্রফি দেশের মাটিতে পৌঁছায়।

এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি। প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করেছে কোকা-কোলা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিমানবন্দরে ট্রফি গ্রহণ অনুষ্ঠান শেষে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার পাঁচতারকা হোটেল র‍্যাডিসন ব্লুতে ট্রফি প্রদর্শনের জন্য রাখা হবে। তবে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ কেবল আয়োজকদের তালিকাভুক্ত নির্বাচিত ব্যক্তিরাই পাবেন। এ কারণে দেশের ফুটবল খেলোয়াড়দের মধ্যে কিছুটা আক্ষেপ দেখা গেছে।

বিশ্বকাপ ট্রফি প্রতি বিশ্বকাপের আগে নিয়মিতভাবে বিশ্বভ্রমণে বের হয়, যেখানে ভক্তরা কাছে থেকে ট্রফি দেখার সুযোগ পান। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা সর্বশেষ ২০২২ সালে পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের ট্রফি দেখার সুযোগ পান। এর আগে ২০০২ ও ২০১৩ সালেও ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে।

কোকা-কোলা গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ‘আন্ডার দ্য ক্যাপ’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ প্রোমো ক্যাম্পেইন আয়োজন করে। বিজয়ীরা টিকিট এবং কোকা-কোলার ক্যাপ প্রদর্শন করে ট্রফি দেখার পাশাপাশি ছবি তোলার সুযোগ পাবেন।

This post was viewed: 9

আরো পড়ুন