Ridge Bangla

বিজিবির নবীন সৈনিকদের সততা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবীন সৈনিকদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে বাহিনীর ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা এই গুণাবলিই একটি বাহিনীর শৃঙ্খলা ও দক্ষতার প্রকৃত মানদণ্ড।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৩০ বছরের ঐতিহ্যবাহী বিজিবি বর্তমানে একটি সুসংগঠিত, চৌকস ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার রোধ এবং দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নবীন সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, শৃঙ্খলাই সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। বিজিবির চার মূলনীতি- মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

আসন্ন সাধারণ নির্বাচনে বিজিবির ভূমিকার কথাও তুলে ধরে উপদেষ্টা জানান, নির্বাচন নিরাপত্তায় ৪৬৭টি উপজেলায় ৩৭ হাজার ৩৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। অনুষ্ঠানে তিনি নবীন সৈনিকদের কুচকাওয়াজের প্রশংসা করেন এবং প্রশিক্ষণ সমাপ্তকারী সকল রিক্রুটকে অভিনন্দন জানান।

This post was viewed: 10

আরো পড়ুন