রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় অন্তত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে দ্রুত কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আগুনে নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভবনের ভেতরে ধোঁয়া ও ক্ষয়ক্ষতির কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।