ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ ১৭৯টি আসন পেয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই আসন বণ্টনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক স্বাগত বক্তব্য রাখেন। এরপর জোটের সমন্বয়ক জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ২৫৩টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকার তথ্য জানান।
এ সমঝোতা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় জোটে ১০টি দলের সঙ্গে সমঝোতা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির জন্য এ মুহূর্তে আসন বণ্টন হয়নি। বিষয়টি পরবর্তীতে চূড়ান্ত করা হবে।
গত কয়েকদিন জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে কিছু টানাপোড়েন থাকলেও বৃহস্পতিবারের বৈঠকে সব শীর্ষ নেতা আশ্বস্ত করেছেন যে ১১ দলীয় জোট ভাঙবে না। সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস, এনডিপি ও অন্যান্য জোটের নেতারা উপস্থিত ছিলেন।