Ridge Bangla

নাজমুলের পদত্যাগের আলটিমেটাম না মানলে বিপিএলসহ সব ক্রিকেট বর্জনের হুমকি কোয়াবের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংস্থাটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচ শুরুর আগে দুপুর ১টার মধ্যে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না।

বুধবার (১৪ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোয়াব এই কর্মসূচির কথা ঘোষণা করে। সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন বলেন, ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্ব রক্ষার স্বার্থেই তারা এই কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছেন। তার ভাষায়, “আগামীকাল বিপিএলের ম্যাচের আগে নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখব।”

মিঠুন আরও বলেন, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক এবং অগ্রহণযোগ্য। ক্রিকেটারদের নিয়ে করা তার বক্তব্য পেশাদার ক্রীড়াঙ্গনের নীতিমালার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি নাজমুল ইসলাম জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এর রেশ কাটতে না কাটতেই আজ আবার ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দেন তিনি। এসব মন্তব্যকে ক্রিকেটারদের সম্মানহানিকর আখ্যা দিয়ে কোয়াব জানিয়েছে, দাবি পূরণ না হলে তারা কোনো ধরনের ক্রিকেটে অংশ নেবে না।

This post was viewed: 10

আরো পড়ুন