Ridge Bangla

বিজিবিতে যোগ দিলেন ফেলানীর ভাই আরফান

বাংলাদেশ–ভারত সীমান্তে নৃশংস হত্যাকাণ্ডের শিকার কুড়িগ্রামের কিশোরী ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নবীন সৈনিক হিসেবে যোগ দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে সৈনিক হিসেবে শপথ নেন।

শপথ গ্রহণ শেষে আরফান হোসেন বলেন, তার জীবনের একমাত্র প্রত্যাশা আর কোনো পরিবার যেন ফেলানীর মতো সন্তান হারানোর মর্মান্তিক বেদনার মুখোমুখি না হয়। সীমান্তে তার বোনকে গুলি করে হত্যা এবং মরদেহ কাঁটাতারের সঙ্গে ঝুলিয়ে রাখার দৃশ্য আজও তাকে তাড়া করে বেড়ায় বলে জানান তিনি। সেই সীমান্তেরই একজন রক্ষী হিসেবে আজ শপথ নেওয়াকে নিজের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে দেখছেন আরফান।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে আরফানের শপথ গ্রহণের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ’, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। আরফান আরও বলেন, তিনি চান না, কোনো মা-বাবা যেন আর কখনো সীমান্তে সন্তানের প্রাণ হারানোর খবর পান। বিজিবির একজন সদস্য হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।

This post was viewed: 5

আরো পড়ুন