Ridge Bangla

পাকিস্তানে বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বর-কনেসহ ৮ জনের মৃত্যু

ইসলামাবাদে বিয়ের আনন্দ মুহূর্তে ভয়াবহ ট্র্যাজেডি নেমে এসেছে। রোববার (১১ জানুয়ারি) ভোরে এক বাড়িতে বিয়ের রিসেপশনের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নবদম্পতিও রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিরা বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। ভোররাতে হঠাৎ বিস্ফোরণে বাড়ির একটি অংশ ধসে পড়ে এবং আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

বিস্ফোরণে বর-এর মা ও ভাবি প্রাণ হারিয়েছেন বলে নিহত বর-এর বাবা হানিফ মাসিহ বিবিসিকে জানিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাকৃতিক গ্যাসের চাপ কম থাকায় দেশটির বহু পরিবার এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল, যা অতীতেও গ্যাস লিকজনিত কারণে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়েছে। এ প্রেক্ষিতে গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

This post was viewed: 11

আরো পড়ুন