কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারের কোনো ক্ষতি হয়নি এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মহেশখালী, চকরিয়া ও বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দুটি ইউনিটসহ মোট ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লাগলেও মূল স্থাপনায় কোনো প্রভাব পড়েনি। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় উৎপাদন কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। আগুনের কারণ নির্ণয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।