Skip to main content

Ridge Bangla

তাপমাত্রা আরও কমার শঙ্কা, বাড়বে শীতের অনুভূতি

শীতের তীব্রতা আপাতত কিছুটা কম মনে হলেও দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছে। এর সঙ্গে অব্যাহত রয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার দাপট। এমন পরিস্থিতিতে নতুন করে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এতে করে শীতের অনুভূতি আরও বাড়বে। তবে ওইদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দু’দিন দেশের কোথাও কোথাও এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তিনি আরও বলেন, রোববার ও সোমবার (১১–১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

এই দু’দিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও প্রথম দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন আবার রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবার (১৪–১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রা আরও কিছুটা কমার আশঙ্কা রয়েছে। এসব দিনেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার প্রবণতা বজায় থাকতে পারে।

এদিকে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

This post was viewed: 55

আরো পড়ুন