বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (১১ জানুয়ারি) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান, নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল আলোচনার মূল বিষয় ছিল। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য সমঝোতা, রাজনৈতিক ঐক্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।
রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোর পারস্পরিক যোগাযোগ ও আলোচনার প্রেক্ষাপটে। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে রাজনৈতিক সমীকরণ ও জোটগত অবস্থান নির্ধারণে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। সে সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আগামী ১২ জানুয়ারির মধ্যেই দেওয়া হবে।