Ridge Bangla

নির্বাচন পর্যন্ত সরকারি সব যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারি সব ধরনের যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদ–২০২৫-এ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই গণভোট সম্পর্কে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করা জরুরি।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানদের উদ্যোগে দুটি করে খাড়া ব্যানার প্রিন্ট করে অফিস প্রাঙ্গণের দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। এতে সেবাগ্রহীতা ও সাধারণ মানুষের মধ্যে গণভোট সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগে প্রধান উপদেষ্টার সম্মতিও রয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।

এছাড়া নির্বাচন পর্যন্ত সব সরকারি যোগাযোগে, যেমন পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্রসহ অন্যান্য দাপ্তরিক নথিতে গণভোটের লোগো ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছিল।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে জুলাই সনদে উল্লিখিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে নাগরিকদের ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 24

আরো পড়ুন