সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা পুলিশের একটি দল বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মরিয়ম বেগম আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি ২০১৪ ও ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরপর দুবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে সংরক্ষিত নারী সদস্য হিসেবে ২০১১ সালে বদনী বৈরাগ ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন।
আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলের রাজনীতিতে এক প্রভাবশালী নাম মরিয়ম বেগম বদনী। ২০০৪ সালে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ছয় মাস কারাভোগ করেন তিনি। পরবর্তীতে ২০১৪ সালে ওই মামলা থেকে খালাস পান। এরপর রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি ওই অঞ্চলের প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী হিসেবে পরিচিতি পান।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরিয়ম বেগমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর মরিয়ম বেগমের ছেলে আখতার হোসেনকেও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও অবৈধ ওয়াকিটকিসহ গ্রেপ্তার করেছিল যৌথ বাহিনী।