শুনানি শেষে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন মান্নার পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
প্রার্থিতা বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, শুরু থেকেই তিনি বিশ্বাস করতেন যে তার বিরুদ্ধে করা ষড়যন্ত্র টিকবে না। তিনি বলেন, তার প্রার্থিতা নিয়ে যে ধরনের ‘মবোক্রেসির’ ঘটনা ঘটেছে, তা দুঃখজনক ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। একই সঙ্গে কিছু ছোট পরিসরের গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর ও অন্যায় প্রতিবেদনেরও সমালোচনা করেন তিনি। মান্না আরও বলেন, গণতন্ত্রের লড়াইয়ে ষড়যন্ত্র কখনোই স্থায়ী হতে পারে না। ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলকভাবে বিষয়টি পর্যালোচনা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার হলফনামায় একাধিক অসংগতি রয়েছে উল্লেখ করে তার প্রার্থিতা বাতিল করা হয়। অভিযোগে বলা হয়, হলফনামায় ফৌজদারি মামলার তথ্য যথাযথভাবে উল্লেখ করা হয়নি, এফিডেভিট সম্পাদনের একদিন পর স্বাক্ষর করা হয়েছে এবং সম্পদ বিবরণীর ফরম সঠিকভাবে দাখিল করা হয়নি। তবে ওই সময় বগুড়া-২ আসনে প্রার্থিতা বাতিল হলেও ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক হিসেবে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।